হাতিয়ায় ভোটকেন্দ্রকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৩০ জন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৬
নোয়াখালীর হাতিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিটিভির এক রিপোর্টারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, চরঈম্বর বাংলা বাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিন ও তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবের ওপর হামলা চালানো হয়। এছাড়া ওচখালী বাজার, বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নেও হামলার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রায় ৩০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে, এর মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককেই স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে কারণ যানবাহনের ব্যবস্থা ছিল না।
হান্নান মাসুদের একাধিক সমর্থক অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং এনসিপির কর্মীদের উপরও হামলা হয়েছে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।