বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

নির্জন কুঁড়েঘরে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার, পরিবারের শোকের ছায়া

কিশোরগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৩:২৯

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের সালেক মিয়া (৫০) নামে এক জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে ইটনা উপজেলার বরইবাড়ি হাওর এলাকায় ধানের জমির মধ্যে নির্মিত একটি নির্জন কুঁড়েঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালেক মিয়া দীর্ঘদিন ধরে অন্যের ধানের জমিতে জিরাতি হিসেবে বসবাস করতেন। তার কুঁড়েঘরের আশেপাশে অন্তত এক কিলোমিটারের মধ্যে অন্য কোনো বসতঘর ছিল না।

প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি ঘটনার এক থেকে দুই দিন আগে মারা গেছেন। সোমবার সকালে একজন কৃষক ঘাস কাটতে গিয়ে ঘরের দরজার সামনে উল্টো অবস্থায় পড়ে থাকা তাকে দেখেন এবং স্থানীয়দের খবর দেন।

স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, মরদেহের হাতে মোবাইল ফোন শক্তভাবে ধরা ছিল। পরে মোবাইলের প্রথম সংরক্ষিত নম্বরে কল করে পরিবারের সদস্যদের খবর দেন।

পরিবারের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে গিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করেন।

স্থানীয়দের ধারণা, সালেক মিয়ার মৃত্যু সম্ভবত স্ট্রোকজনিত কারণে ঘটেছে। মৃত্যুকালে তিনি চার সন্তানের পিতা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top