বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

সিদ্ধিরগঞ্জে অবৈধ ডিজেল মজুতের বিরুদ্ধে অভিযান, ৯ হাজার লিটার জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৩:১৩

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৯ হাজার ১শ’ লিটার ডিজেল জব্দ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নারায়ণগঞ্জ ৬২ বিজিবির সদস্যরা অংশ নেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে মালিক সিফাত গাজীকে পেট্রোলিয়াম আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

জব্দকৃত ডিজেল পরবর্তীতে মেঘনা ডিপোর ডিজিএমের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top