ডুমুরিয়ায় চুরির অপবাদে বাড়িতে ঢুকে হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪১

ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলায় চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক যুবকের বাড়ি থেকে তুলে নিয়ে মারধর, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং নারীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মো: মতিয়ার শেখ বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল বিকাল ৪ টায় আরাজী ডুমুরিয়া গ্রামের বাসিন্দা মতিয়ার শেখের ছেলে আনিছুর রহমানের বিরুদ্ধে ভ্যান চুরির সন্দেহ করেন একই এলাকার কিছু ব্যক্তি। অভিযুক্তরা জনৈক কবিরাজের মাধ্যমে 'আয়না পড়া'র দোহাই দিয়ে আনিছুরকে চোর হিসেবে চিহ্নিত করে।

 

বিকেল আনুমানিক ৪:০০ ঘটিকায় বিবাদী মো: কালাম গাজী, মাসুম মোল্যা, রাজু মোল্যাসহ প্রায় ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে মতিয়ার শেখের বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা আনিছুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে জোরপূর্বক সাজিয়াড়া মাদ্রাসা সংলগ্ন একটি দোকানের সামনে নিয়ে যায়। সেখানে বিবাদী রিয়াজুল ইসলাম রিজু’র নেতৃত্বে বিবাদীরা লাঠিসোটা দিয়ে আনিছুরকে এলোপাথাড়ি মারধর করে এবং চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে।খবর পেয়ে মতিয়ার শেখ, তার বড় ছেলে আরিফ, স্ত্রী জিল্লুকা বেগম এবং মেজ পুত্রবধূ জেসমিন বেগম ঘটনাস্থলে গিয়ে মারধরের কারণ জানতে চাইলে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। অভিযোগ করা হয়েছে যে, হামলাকারীরা পরিবারের নারীদের শ্লীলতাহানি করে এবং তাদের পরনের কাপড় ছিঁড়ে ফেলে। এই সময় বিবাদী মুন্না শেখের গলা থেকে ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় লিটন শেখ, মেহেদী সরদার ও মিম্মা খাতুনসহ স্থানীয় অনেকেই সাক্ষী হিসেবে রয়েছেন। এ ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

এ বিষয়ে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। মতিয়ার শেখ বলেন, "মিথ্যা অপবাদ দিয়ে আমাদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।"

 

পুলিশ জানায়, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top