সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

দেশের আকাশে হঠাৎ দেখা গেল রহস্যময় আগুনের গোলা

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ২১:৫৯

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আকাশে হঠাৎ করে আগুনের মতো উজ্জ্বল একটি গোলাকার বস্তু দেখা যাওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুতগতিতে নিচে নেমে আসা ওই রহস্যময় আলোকবস্তুকে ঘিরে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও নানা ধরনের আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এলাকার আকাশে প্রথম এই আগুনের মতো গোলাটি দেখা যায়। পরে উপস্থিত কেউ একজন মুঠোফোনে ঘটনাটি ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া প্রায় ছাব্বিশ সেকেন্ডের সেই দৃশ্যে দেখা যায়, আকাশ থেকে সাপের মতো এঁকেবেঁকে দ্রুতগতিতে একটি আগুনের গোলা নিচের দিকে নেমে আসছে। এর পেছন দিক থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। নিচে নামার সময় পাশের আকাশে একটি ঘুড়িও উড়তে দেখা যায়। কিছুটা নিচে নামার পর হঠাৎ করেই আগুনের সেই আলোকবস্তুটি নিভে যায় এবং ধোঁয়াও মিলিয়ে যায়। দৃশ্যটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায়, বস্তুটির সামনের অংশে উজ্জ্বল আলো জ্বলছিল।

এ ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। কেউ কেউ এটিকে উল্কাপিণ্ড বলে ধারণা করছেন, আবার অনেকে মনে করছেন এটি আকাশে সংকেত নিক্ষেপের কোনো যন্ত্র হতে পারে। তবে প্রকৃতপক্ষে ওই রহস্যময় আগুনের গোলাটি কী ছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top