সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ নারী

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৫:২০

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার নারী নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান, আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

সোমবার (৪ মে) দুপুরে পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক, সহকারী ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয় এবং পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top