এক প্রেমিকা নিয়ে বাকৃবিতে দুই গ্রুপের হাতাহাতি, সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৬:৫৫
১৯৯৬ সালের জনপ্রিয় গান ‘বিধি তুমি বলে দাও আমি কার’-এ যেমন এক প্রেমকে ঘিরে টানাপোড়েনের গল্প ফুটে উঠেছিল, তেমনি এবার সেই ধরনেরই এক বাস্তব ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি অনুষদের ৬৪ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে একই ব্যাচের এক ছাত্র এবং পশুপালন অনুষদের ৬৩ ব্যাচের আরেক ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে কৃষি অনুষদের ৬৩ ও ৬৪ ব্যাচের জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুরো অনুষ্ঠান স্থগিত করা হয়।
জানা যায়, কৃষি অনুষদের ৬৪ ব্যাচের এক ছাত্র এবং একই ব্যাচের ওই নারী শিক্ষার্থী দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে পশুপালন অনুষদের ৬৩ ব্যাচের এক ছাত্র ওই নারী শিক্ষার্থীকে বারবার বার্তা পাঠিয়ে বিরক্ত করছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে এই উত্তেজনা ঈশা খাঁ হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
পরবর্তীতে প্রক্টরিয়াল বডির সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনী এবং সিনিয়র শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ঘটনার খবর পাওয়ার পরই প্রক্টরিয়াল বডি সেখানে যায়। তখন দুই পক্ষ আলাদা হয়ে গেলেও আবার সংঘর্ষের আশঙ্কা ছিল। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয় এবং অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও জানান, ঘটনার ভিডিও পাওয়া গেছে এবং তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।