শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

নারায়ণগঞ্জে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল ২ শ্রমিকের

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:০১

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কাশীপুরের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিনের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে রানা (২২)।

দেলোয়ার মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তাঁর দেড় বছর বয়সী সুরাইয়ান নামে একটি ছেলে সন্তান রয়েছে। অন্যদিকে রানা একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে অতিরিক্ত আয়ের আশায় দেলোয়ারের সঙ্গে কাজ করতে এসে প্রাণ হারান তিনি। মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল রানার।

স্থানীয় সূত্র জানায়, ভবনের পানির ট্যাংকের স্যান্টারিং খোলার সময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসেন তারা। কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন দুই শ্রমিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top