রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আর্টিস্ট ফোরামের এফআইআর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৩:১১

সংগৃহীত

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে আর্টিস্ট ফোরাম শনিবার (৪ এপ্রিল) রিজেন্ট পার্ক থানা-তে এজাহার (এফআইআর) দায়ের করেছে। রাহুলের মৃত্যুর পাঁচ দিন পর এটি প্রথম এফআইআর।

শুক্রবার রাতেই এফআইআর দায়েরের সিদ্ধান্ত জানানো হয়েছিল। এরপর শনিবার দুপুর ২টার পর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে থানায় উপস্থিত হন চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাসসহ আরও অনেকে।

আইনজীবী প্রিয়াঙ্কা সরকারও উপস্থিত ছিলেন। এদিন থানায় প্রবেশের মুহূর্তে প্রিয়াঙ্কা বিধ্বস্ত অবস্থা প্রকাশ করেন। তার উপস্থিতি অভিযোগের গুরুত্ব আরও বাড়িয়েছে।

রাহুলের মৃত্যু ঘটেছিল ২৯ মার্চ, রোববার, তালসারির সমুদ্র সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ের সময়। তবে মৃত্যুর পরিস্থিতি এখনও অস্পষ্ট; শুটিং চলাকালীন নাকি শুটিং শেষ হয়ে যাওয়ার পর দুর্ঘটনা ঘটেছে—এ নিয়ে মতবিরোধ রয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে ১ এপ্রিল ম্যাজিক মোমেন্টস-কে চিঠি দেয় আর্টিস্ট ফোরাম। প্রযোজকরা উত্তর দিলেও ফোরাম তাতে সন্তুষ্ট নয়। এরপর আর্টিস্ট ফোরামের সদস্যরা বৈঠকে বসে থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন।

রাহুলের স্মরণে টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। বিকাল ৪টায় ‘জাস্টিস ফর রাহুল মিছিল’-এ নাগরিক সমাজ, আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের সদস্যরা অংশ নেবেন। মিছিলে কোনো রাজনৈতিক রঙ না লাগানোরও বিশেষ অনুরোধ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top