কুমিল্লার আলোচিত তনু হত্যা মামলায় দীর্ঘ ১১ বছর পর প্রথমবারের মতো একজন আসামি গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে নিহত তনুর পরিবার। একই সঙ্গে তারা দ্রুত ও সুষ্ঠু বিচার পাওয়ার আশা ব্যক্ত করেছেন।
বুধবার কুমিল্লা সদর আমলি আদালত–১-এর নির্দেশে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্য দিয়ে এই মামলায় প্রথমবারের মতো কোনো আসামিকে আদালতে হাজির করা হলো।
গ্রেপ্তারের খবর পেয়ে প্রতিক্রিয়া জানিয়ে তনুর বাবা ইয়ার হোসেন বলেন, দীর্ঘ ১১ বছর পর হলেও একজন আসামিকে কাঠগড়ায় দেখতে পেয়েছেন তারা। তিনি বলেন, এখন তারা বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছেন। আদালতের প্রতি আস্থা ও শ্রদ্ধা রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এতদিন বিভিন্ন সময়ে মানুষ বিচার নিয়ে প্রশ্ন করত, কিন্তু কোনো উত্তর দেওয়া সম্ভব হয়নি। এখন অন্তত বলতে পারছেন যে একজন আসামি ধরা পড়েছে।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, ১১ বছর পর একজন আসামি গ্রেপ্তার হওয়ায় তারা কিছুটা হলেও আশার আলো দেখছেন। তিনি দাবি করেন, তার মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে, ঠিক সেভাবেই দোষীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।
দীর্ঘদিন মামলাটি তদন্তাধীন থাকলেও কার্যকর অগ্রগতি না থাকায় বিষয়টি নিয়ে জনমনে আলোচনা ও সমালোচনা ছিল। সর্বশেষ এই গ্রেপ্তারকে পরিবারের সদস্যরা বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।