২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৬:২৩
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সারা দেশে হামের টিকাদান আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে। তিনি আরও জানান, দেশের হামের টিকার মজুত পর্যাপ্ত এবং স্থিতিশীল রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য রুমিন ফারহানা-র প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগের দুই সরকারের অবহেলার কারণে টিকা ব্যবস্থাপনায় জটিলতা ছিল, তবে বর্তমান সরকার সেই সংকট কাটিয়ে উঠেছে।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মাধ্যমে ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ হামের টিকা এসেছে এবং আরও টিকা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে।
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এবং দেশের সব শিশুকে টিকাদানের আওতায় আনা প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। ইতোমধ্যে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১২ এপ্রিল থেকে টিকাদান শুরু হওয়ার কথা ছিল, এবং আগে সারা দেশে ৩ মে থেকে কার্যক্রম শুরু হওয়ার ঘোষণা ছিল। তবে সংসদে মন্ত্রী আজ ঘোষণা করেন, সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে ২০ এপ্রিল থেকে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।