সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৫৪

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার (২০ এপ্রিল) একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন। এ সফরে বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি জেলার বেশকিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এসব তথ্য জানা যায়।

সফরসূচি অনুযায়ী, ২০ এপ্রিল সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।

এরপর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

পরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠ-এ আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

দুপুরের পর তিনি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পৈতৃক ভিটায় সময় কাটাবেন।

বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিরতি শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। তার এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এ জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top