শেখ হাসিনা লোভনীয় প্রস্তাব দিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিনকে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৫:০৮
ভোলার সার্কিট হাউসে শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করেননি।
তিনি দাবি করেন, “এমন কোনো লোভ ছিল না, যা আমাকে দেখানো হয়নি। আমি যদি তার কথা শুনতাম, তাহলে তার পরেই আমার অবস্থান হতো।” তবে বয়স ও নীতিগত অবস্থানের কারণে তিনি এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে উল্লেখ করেন।
স্পিকার আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে জিয়া পরিবারের আদর্শের প্রতি অনুগত। “জেনারেল জিয়াউর রহমানের অধীনে আমি যুদ্ধ করেছি এবং বেগম খালেদা জিয়া আমাকে স্নেহ করতেন। তাদের প্রতি আমি সব সময় অনুগত ছিলাম,” বলেন তিনি।
দলের ভেতরের অবস্থান প্রসঙ্গে তিনি জানান, বিএনপিতে সিনিয়র হওয়া সত্ত্বেও অনেকেই তাকে পেছনে ফেলে এগিয়ে গেছেন এবং স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন। তবে এসব নিয়ে তিনি কখনো হতাশ হননি। তার লক্ষ্য ছিল জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা।
তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “তার সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ না থাকলেও তিনি আমাকে দেশের তৃতীয় সর্বোচ্চ পদে অধিষ্ঠিত করেছেন। এজন্য আমি তার কাছে এবং বিএনপির কাছে কৃতজ্ঞ।”
সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।