নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, অন্তত ১৫ জন আহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৫৫
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ও বিএনপি জোটের গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩১ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতের মিছিল চলাকালীন উভয় প্রার্থীর সমর্থকদের দুটি পৃথক মিছিল বিপরীত দিক থেকে একই স্থানে এসে মুখোমুখি হয়। প্রথমে বাগবিতণ্ডা শুরু হয় এবং পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে গলাচিপা থানা পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, “উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।