নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে পাঁচ সমাবেশে যোগ দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
রাজনীতি ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রাম ও কক্সবাজারে পাঁচটি পৃথক সমাবেশে অংশ নেবেন। সোমবার (২ ফেব্রুয়ারি) এসব সমাবেশ ঘিরে ব্যাপক জনসমাগমের লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী ও তাদের শরিক ১১ দলীয় জোট।
দলীয় সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী মহেশখালীতে সকাল ৯টায়, কক্সবাজার সদরে সকাল ১০টায়, লোহাগাড়ার পদুয়ায় দুপুর ১১টায়, সীতাকুণ্ডে দুপুর ২টায় এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকাল ৫টায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিটি সমাবেশে ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সমাবেশগুলো ঘিরে প্রশাসনকে অবহিতকরণ, মঞ্চ প্রস্তুতসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পাশাপাশি মহানগর ও জেলা পর্যায়ে জামায়াত ও তাদের অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে পথসভা, গণমিছিল, মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রমও চলছে।
সমাবেশ সফল করার লক্ষ্যে গত শনিবার চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন, সংস্কার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সমাবেশগুলোতে দলীয় আমির চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরবেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াত আমিরকে স্বাগত জানাতে তারা প্রস্তুত। এসব সমাবেশ নগরীর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ এবং চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।