ডিজিএফআই’র সাবেক প্রধান মামুন আবারও রিমান্ডে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৬:১০
রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ২৫ মার্চ রাত সাড়ে বারোটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে। পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। পরে ৩১ মার্চ আরও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
দুই দফায় মোট ১১ দিনের রিমান্ডের পর সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন আদালতে হাজির করে পুনরায় চার দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, মামুন খালেদকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্ত কাজে সহায়ক। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্ত এখনও অব্যাহত আছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন ও জামাল উদ্দিন মারজিন রিমান্ডের পক্ষে যুক্তি দেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন ও নজরুল ইসলাম পাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মিরপুর হত্যাকাণ্ডের ঘটনা অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়।
গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দেলোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। ঘটনার পর ২০২৫ সালের জুলাই মাসে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।