সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

এবার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৬:২৭

ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক মোহাম্মদপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।

সোমবার (৬ এপ্রিল) আদালতের শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম ফাহিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তার গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ প্রহরায় আদালতের হাজতখানায় নেওয়া হয়।

এর আগে গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে জনতা ও একদল শিক্ষার্থী ফাহিমকে আটক করে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। গত ৩০ মার্চ বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক গুলশান থানার মো. ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল চলাকালে বিকেল সাড়ে তিনটার দিকে মিছিলে গুলি বর্ষণ করা হয়। এতে আন্দোলনকারীদের মধ্যে মাসুদ হোসাইন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অপারেশনও করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে গত বছরের ১০ জুলাই মাসুদ হোসাইন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top