মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

হাছান মাহমুদ-নওফেল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৫:৫২

সংগৃহীত

চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ গ্রহণ করে।

রাষ্ট্রপক্ষের দায়ের করা এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।

মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে চারজন কারাগারে রয়েছেন। তারা হলেন—এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম এবং মো. ফিরোজ। অন্যদিকে বাকি ১৮ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

পলাতকদের তালিকায় আরও আছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে গত ৫ এপ্রিল রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। মামলায় তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে।

প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যার কথা উল্লেখ রয়েছে। তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার বিষয়টি তুলে ধরা হয়েছে।

এই মামলাকে কেন্দ্র করে চট্টগ্রামে সংঘটিত সহিংস ঘটনার বিচারিক প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top