আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৭:২৩

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন না দেওয়ায় আমি উপলব্ধি করতে পেরেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লাখ লাখ মানুষের ভালোবাসা ও দোয়া আমার সঙ্গে ছিল। যদি আমি দলীয় গণ্ডির ভেতর থেকে নির্বাচন করতাম, এই অনুভূতি হয়তো কখনো পাওয়া যেত না।”

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রুমিন ফারহানা তার বক্তব্যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করতে দেওয়া হয় না। ক্ষমতার ভারসাম্য রক্ষার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বিএনপিও তার ‘ভিশন ২০৩০’ ও ‘৩১ দফা’তে এ বিষয়ে স্পষ্ট প্রস্তাব রেখেছে।”

তিনি আক্ষেপ করে বলেন, “আমাদের আশা ছিল রাষ্ট্রপতি এবার মন্ত্রিসভার নির্ধারিত ভাষণ ছাড়াই নিজের মতো বক্তব্য দিতে পারতেন। কিন্তু এখনও সেটি সম্ভব হয়নি। যদি রাষ্ট্রপতিকে স্বাধীনতা না দেওয়া হয়, তবে ভারসাম্যের কথাই অর্থহীন হয়ে যায়।”

বক্তব্যের শুরুতেই তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আল্লাহ আমার কঠিন পথচলাকে সহজ করেছেন।”

নির্বাচনী লড়াইয়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি আমার অসংখ্য নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞ, যারা বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে আমার পাশে দাঁড়িয়েছেন। তাদের সমর্থন ছাড়া এ পথ সম্ভব হতো না।”

বিএনপি থেকে মনোনয়ন না পাওয়াকে ইতিবাচকভাবে উল্লেখ করে তিনি বলেন, “আমি বিএনপিকে ধন্যবাদ জানাই আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য। কারণ এটি আমাকে দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা উপলব্ধি করার সুযোগ দিয়েছে।”

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, “আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধা জানাই, যিনি আমাকে রাজনীতিতে সুযোগ দিয়েছেন। সংসদে তার অনুপস্থিতি কোনোদিন পূরণ হবে না।”

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top