মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

সাবেক স্পিকার শিরীন শারমিনের দুই দিনের রিমান্ড আবেদন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

সংগৃহীত

গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা এক মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের পর তাঁকে ডিবি কার্যালয় থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এই মামলায় তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ডিবি।

ডিবি জানিয়েছে, মামলার পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের স্বার্থে রিমান্ড প্রয়োজন। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহসীন উদ্দীন এ আবেদন করেন, যা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা-এর আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালবাগের আজিমপুর এলাকায় শান্তিপূর্ণ মিছিল চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে আন্দোলনকারী মো. আশরাফুল (ফাহিম) গুরুতর আহত হন এবং তাঁর বাম চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়।

বাদীর অভিযোগে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র নির্দেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা পরিকল্পনা ও নির্দেশ দেন। এ মামলায় শিরীন শারমিন চৌধুরীকে ৩ নম্বর আসামি করা হয়েছে।

ডিবির আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে শিরীন শারমিন চৌধুরী নিজের পরিচয় দিলেও ঘটনার বিষয়ে সরাসরি উত্তর এড়িয়ে গেছেন। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে তদন্ত সংস্থা।

এদিকে, ভোরে ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে গণ–অভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যা মামলাসহ মোট ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে কয়েকটি ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে এবং বাকিগুলো তদন্তাধীন রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top