দেড় মাসের শিশু সন্তানকে নিয়ে কারাগারে যাওয়া যুব মহিলা লীগ কর্মী শিল্পী বেগম অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরের দিকে কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ‘দেড় মাসের শিশুকে নিয়ে কারাগারে মা’, এমন খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
শিল্পীর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, প্রথমে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হলেও পরে পুনর্বিবেচনার আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। যথাযথ কাগজপত্র দাখিলের পর বুধবার দুপুরের আগেই তিনি কারামুক্ত হন।
শিল্পীর স্বামী রহিম হোসেন সোহাগ বলেন, গরমের কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। অন্যদিকে শিল্পী নিজেও শারীরিকভাবে দুর্বল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল।
জানা যায়, গত ৪ মার্চ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দেন শিল্পী। পরবর্তীতে দুর্ঘটনায় তার হাত ভেঙে যায়, ফলে নবজাতককে স্বাভাবিকভাবে দেখাশোনা করাও তার পক্ষে কঠিন হয়ে পড়ে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলকে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত জামিন আবেদন নাকচ করলে শিশুসহ তাকে কারাগারে পাঠানো হয়, যা নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
শেষ পর্যন্ত মানবিক বিষয় বিবেচনায় আদালত জামিন মঞ্জুর করলে মা ও শিশুর কারামুক্তি নিশ্চিত হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।