শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

নিখোঁজ শিশু আয়েশার হত্যার রহস্য উদ্ঘাটন, দম্পতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১১:২৩

সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দুই বছরের শিশু আয়েশা সিদ্দিকার নিখোঁজ ও হত্যার ঘটনার মর্মান্তিক রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাশেদুল ইসলাম আপেল (৩০) ও তার স্ত্রী কহিনুর বেগম (২৬)।

পুলিশ ও আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, গত ১৭ এপ্রিল আয়েশা তাদের বাড়িতে খেলছিল। এ সময় খেলার মধ্যে তাদের সন্তানের আঘাতে শিশুটির চোখে গুরুতর জখম হয়। বিষয়টি আড়াল করতে এবং আইনি জটিলতা এড়াতে তারা শিশুটিকে একটি ড্রামের ভেতর আটকে রাখে। সেখানে শ্বাসরুদ্ধ হয়ে আয়েশার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

পরে মরদেহটি রাতের আঁধারে পাশের একটি পরিত্যক্ত জমিতে ফেলে দেওয়া হয়।

নয়ন কুমার, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযুক্ত দম্পতিকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন।

পরে আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

উল্লেখ্য, শিশুটি নিখোঁজ হওয়ার পর দীর্ঘ খোঁজাখুঁজির পর একই দিন রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন তার বাবা। তদন্ত শেষে ঘটনার জট খুলেছে পুলিশ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top