ঈদের ছুটি আরও বাড়ল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১২:৪৯
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে আরও একদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে সাংবাদিকদের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সভায় প্রথম সংসদ অধিবেশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে ঈদ উপলক্ষে ১৮ মার্চ সাধারণ ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।
চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করেছে সরকার। এর আগে ঈদকে কেন্দ্র করে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা ছিল।
ঈদের ছুটি শুরুর আগের দিন ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। এরপর ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনও সাধারণ ছুটি থাকবে। ফলে সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
এদিকে ঈদের এই ছুটির পর ২৪ ও ২৫ মার্চ অতিরিক্ত ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের অবকাশ ভোগ করতে পারবেন। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি এবং এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।