মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:২১

ছবি: সংগৃহীত

একাত্তরের ২৫ মার্চের ভয়াল গণহত্যা স্মরণে আগামী বুধবার সারা দেশে এক মিনিটের প্রতীকী অন্ধকার কর্মসূচি পালন করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই কর্মসূচি চলবে।

তবে গুরুত্বপূর্ণ স্থাপনা, জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং দেশে অবস্থানরত বিদেশি দূতাবাসগুলো এই কর্মসূচির বাইরে থাকবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দিবসটির গাম্ভীর্য বজায় রাখতে ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি ভবনে আলোকসজ্জা করা যাবে না।

১৯৭১ সালের এই দিনে গভীর রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ছাত্র, শিক্ষক, পুলিশসহ অসংখ্য মানুষকে হত্যা করে। ইতিহাসে এই রাত ‘কালরাত’ নামে পরিচিত।

২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে মন্ত্রিসভায় তা অনুমোদন পায় এবং ওই বছর থেকেই দিবসটি পালিত হয়ে আসছে।

এদিকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে দীর্ঘদিন পর আবারও ফিরছে কুচকাওয়াজ। ইতোমধ্যে বিভিন্ন বাহিনীর সদস্যরা কয়েক দফা মহড়ার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করেছেন।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থল ও আকাশপথে বিভিন্ন কৌশলগত প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড ময়দানে অনুষ্ঠিতব্য এই কুচকাওয়াজে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেবেন।

এবার কুচকাওয়াজ পরিচালনার দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top