ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী, সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:৪৯
ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরেছে সচিবালয়। ছুটির পর প্রথম কার্যদিবসেই সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
জানা গেছে, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেন তিনি।
বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণসংক্রান্ত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় যোগ দেবেন তিনি। বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এদিকে, সকাল থেকেই খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ দেশের সব সরকারি দপ্তর, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান।
গত ২১ মার্চ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।