হামে ৪৭ শিশুর মৃত্যু ,তদন্ত কমিটি গঠন ও স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৩:৪৬
দেশে হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন। আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।
রিটে বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য রুল জারির আবেদন জানানো হয়েছে। এতে প্রশ্ন তোলা হয়েছে—হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন অবৈধ, স্বেচ্ছাচারী এবং আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না।
এছাড়া সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবায় ঘাটতি এবং জরুরি সাড়া প্রদানে ব্যর্থতাকে সংবিধানের লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে রিটে।
রিটে আরও দাবি করা হয়েছে, অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি চালু, পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা এবং সারা দেশে বিশেষায়িত চিকিৎসা ইউনিট ও আইসিইউসহ কার্যকর জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দেওয়া হোক।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।