সপ্তাহে ৩ দিন সরকারি অফিস চালুর নির্দেশনাটি ভুয়া
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৩:৫০
জ্বালানি সংকটের অজুহাতে সপ্তাহে তিন দিন সরকারি অফিস চালুর একটি নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটিকে সম্পূর্ণ ‘ভুয়া’ বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়। জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে অফিস সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে তিন দিন অফিস পরিচালনার বিষয়ে ১ এপ্রিল ২০২৬ তারিখে যে স্মারকপত্রটি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা মন্ত্রণালয় থেকে জারি করা হয়নি। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বুধবার (১ এপ্রিল) ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া পত্র ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, আগামী ৫ এপ্রিল থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর কর্মচারীরা সপ্তাহে দুদিন বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করবেন এবং বাকি তিন দিন অফিস খোলা থাকবে।
ভুয়া পত্রে আরও উল্লেখ ছিল, রবি, সোম ও মঙ্গলবার অফিস খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং বুধ ও বৃহস্পতিবার ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে কাজ করতে হবে। এছাড়া হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার বাইরে থাকবে বলেও দাবি করা হয়।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা তারা দেয়নি এবং গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।