অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি তেল, জানালেন উপদেষ্টা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৪:৫৫
জ্বালানি তেল কেনা-বেচায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। খুব শিগগিরই একটি অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল কেনার ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সরকারের চলমান কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জের কারণে অনেক দেশেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে, তবে বাংলাদেশ এখনো সে পথে হাঁটেনি। আগামী মাসে মূল্য সমন্বয় করা হবে কি না, তা নির্ভর করবে পরিস্থিতির ওপর।
তিনি জানান, বিশ্ব পরিস্থিতির প্রভাবের কারণে জ্বালানি সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে প্রকৃত সংকটের চেয়ে অবৈধ মজুত ও পাচারের চেষ্টাই বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।
জ্বালানি তেল কেনার জন্য তৈরি হওয়া অ্যাপের বিষয়ে তিনি বলেন, এই ব্যবস্থার মাধ্যমে কে কত তেল কিনছেন এবং কখন কিনছেন, তার সব তথ্য সংরক্ষিত থাকবে। এতে অনিয়ম কমবে এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আসবে।
অটোরিকশা প্রসঙ্গে তিনি বলেন, শহরে অনিয়ন্ত্রিতভাবে এ যান চলাচল করতে পারে না। অনেক ক্ষেত্রে এসব যানবাহনের ফিটনেস ঠিক নেই এবং চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণও নেই। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার।
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের বিষয়ে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ এখনো পুরোপুরি প্রস্তুত নয়। এ কারণে আপাতত উত্তরণের কোনো পরিকল্পনা নেই সরকারের।
দুর্নীতি প্রসঙ্গে তিনি জানান, অন্তর্বর্তী সময়ে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পর এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
হামের টিকা সংকট নিয়ে তিনি বলেন, এটি বর্তমান সরকারের সময়ের সমস্যা নয়, বরং আগের সরকারের গাফিলতির ফল। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ৩০টি এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩ মে থেকে সারা দেশে এ কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।