একদিনে দেশে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৬

সংগৃহীত

স্বপ্ন ছিল পরিবারের ভাগ্য বদলানোর, প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর। সেই স্বপ্ন বুকে নিয়েই জীবিকার তাগিদে বিদেশের পথে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু নির্মম বাস্তবতায় সেই স্বপ্ন আর পূরণ হলো না। প্রাণবন্ত মানুষগুলো শেষ পর্যন্ত কফিনবন্দী হয়ে ফিরে এলেন প্রিয় জন্মভূমিতে, রেখে গেলেন অসীম শোক।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ৩০ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম।

একই দিনে মালয়েশিয়া ও লিবিয়া থেকেও আরও চারজন প্রবাসীর মরদেহ পৃথক ফ্লাইটে দেশে আনা হয়। সব মিলিয়ে একদিনে ৩৪ জন প্রবাসীর নিথর দেহ দেশে ফেরায় শোকের ছায়া নেমে আসে বহু পরিবারে।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে নিয়মিত ফ্লাইট বাতিল হওয়ায় মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর বিশেষ উদ্যোগে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের শেষবারের মতো স্বদেশে ফিরিয়ে আনা হয়।

পরিবারের স্বচ্ছলতার আশায় বিদেশযাত্রা করা এই মানুষগুলোর এমন করুণ পরিণতিতে স্তব্ধ হয়ে পড়ে বিমানবন্দর এলাকা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ, আর তাদের অকাল বিদায়ে অপূরণীয় শূন্যতা নেমে আসে অসংখ্য পরিবারের জীবনে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top