সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়ন দাখিল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৮:৪৩
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্রভাবে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় বিকেল ৪টায় শেষ হয়েছে। বিএনপি ও তাদের জোট থেকে ৩৬টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়া একটি স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন নামের একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
এর বাইরে শামমা আক্তার, মোছাম্মদ মেহরুন নেসা ও মাহবুবা রহমান এই তিনজন কোনো দল বা জোটের বাইরে থেকে স্বতন্ত্রভাবে মনোনয়ন দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
তিনি আরও বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। ২২ এপ্রিল বিকেল ২টা থেকে ৪টা এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাছাই কার্যক্রম চলবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা বিষয়ে এক প্রশ্নের জবাবে মো. মঈন উদ্দীন খান বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। গণপ্রতিনিধিত্ব আদেশে যেভাবে বিধান রয়েছে, সেই অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে।
তিনি জানান, ২২ এপ্রিল জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে এবং পরদিন বিএনপি জোটের প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হবে।
আইন অনুযায়ী, সংসদের সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত ৫০টি নারী আসন বিভিন্ন দল ও জোটের মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হয়। এবারে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি আসন নির্ধারিত হয়েছে। সাধারণত প্রার্থীর সংখ্যা বেশি না হলে এসব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতা দেখা যায়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।