শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেবে বিএনপি: তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১৬

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তার ফলাফল অবশ্যই মেনে নেবে তার দল। তবে এজন্য ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও বিতর্কহীন হতে হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তারেক রহমান জানান, তিনি ঢাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন। তার ভাষ্য, “গত এক যুগের বেশি সময় মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার তারা উৎসাহ নিয়ে ভোট দিতে বেরিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারলে জনগণের অংশগ্রহণই সব ষড়যন্ত্র প্রতিহত করবে।”

তিনি অভিযোগ করেন, কিছু স্থানে অপ্রত্যাশিত ঘটনা ঘটছে এবং একটি রাজনৈতিক দল বারবার এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তবে তিনি সবাইকে আহ্বান জানান, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

বিজয়ের বিষয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, “আমরা আত্মবিশ্বাসী, আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী।” কত আসনে জয় প্রত্যাশা করছেন— এমন প্রশ্নে তিনি বলেন, “যত আসন পেলে দেশ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব, ততটাই প্রত্যাশা করছি।”

জাতীয় সরকার গঠনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, যেসব দল আন্দোলন-সংগ্রামে একসঙ্গে ছিল, তাদের নিয়ে দেশ পরিচালনার ইচ্ছা রয়েছে।

ভোটের ফল গণনায় বিলম্বের আশঙ্কা প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ফল প্রকাশে দেরির কোনো কারণ দেখেন না। অতীতের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো এবারও দ্রুত ফল প্রকাশ হওয়া উচিত।

সার্বিক পরিবেশ সম্পর্কে তারেক রহমান বলেন, অন্তত ঢাকার যেসব কেন্দ্র তিনি ঘুরে দেখেছেন, সেখানে উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top