শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

ভবন থেকে ফেলা ‌‘আমাকে বাঁচান’ চিরকুট ঘিরে বনানীতে উত্তেজনা, গৃহকর্মী উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৪

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ‘আমাকে বাঁচান’ লেখা একটি চিরকুটকে কেন্দ্র করে গৃহকর্মীকে হত্যা করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসার মালিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বনানী ৫ নম্বর সড়কের একটি ভবনের সামনে উত্তেজিত লোকজন জড়ো হতে শুরু করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে সন্ধ্যার পরও ভবনের সামনে কড়াইল বস্তির কিছু লোকের উপস্থিতি দেখা যায়।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মহিন উদ্দিন জানান, ঘটনাস্থলে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। একটি বাসায় কর্মরত গৃহকর্মী বারান্দা থেকে একটি চিরকুট নিচে ফেলে দেন। সেখানে লেখা ছিল—‘আমাকে বাঁচান, ৯৯৯ নম্বরে ফোন করুন, না হলে আমার স্বামীর নম্বরে যোগাযোগ করুন।’

চিরকুটটি পেয়ে এক পথচারী বিষয়টি ছড়িয়ে দিলে ভবনের নিচে ভিড় জমে যায় এবং গৃহকর্মীকে হত্যা করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়ে। এতে উত্তেজনা আরও বেড়ে যায়।

তিনি আরও জানান, কড়াইল বস্তির কিছু মানুষও ঘটনাস্থলে এসে মৃত্যুর গুজব প্রচার করে এবং আরও দুজনকে আটকে রাখা হয়েছে—এমন তথ্য ছড়ায়। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

বাসার মালিক সোহানাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ওই গৃহকর্মী বাদী হয়ে মামলা করবেন। আগামীকাল শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top