শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

হামলায় আহত মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৫:৪৬

ছবি: সংগৃহীত

যুদ্ধে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বক্তব্য দিয়েছে দেশটির একটি সূত্র। সেখানে বলা হয়েছে, হামলায় আহত হলেও তিনি বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন।

বুধবার এক বার্তায় ইরানের প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান জানান, মোজতবা খামেনির আহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে তার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন কয়েকজনের মাধ্যমে জানা গেছে, আল্লাহর রহমতে তিনি এখন নিরাপদ এবং সুস্থ আছেন।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত সৈনিক’ হিসেবে উল্লেখ করে। তবে তিনি কখন এবং কী ধরনের আঘাত পেয়েছেন—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মাত্র তিন দিন আগে ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা এবং তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে দায়িত্ব গ্রহণের পর এখনো তিনি জনসমক্ষে উপস্থিত হননি।

এদিকে কয়েকজন ইরানি ও ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top