মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

অনুমতি ছাড়া উদ্যোগে ক্ষুব্ধ ইতালি, ফিরিয়ে দিল মার্কিন অনুরোধ

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৭:০২

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের জন্য নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইতালি। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিলির গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি এ ধরনের অভিযানের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।

মঙ্গলবার (৩১ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অভিযান পরিচালনার লক্ষ্যে সিসিলির একটি সামরিক ঘাঁটি ব্যবহারের পরিকল্পনা করেছিল। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়নি এবং ইতালির সামরিক কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়নি। এ কারণেই অনুমতি দেওয়া হয়নি।

ইতালির প্রভাবশালী পত্রিকা কোরিরে ডেলা সেরা জানিয়েছে, মার্কিন বোমারু বিমান পূর্ব সিসিলির সিগোনেল্লা ঘাঁটিতে অবতরণ করে সেখান থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে এ পরিকল্পনার নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

বিদ্যমান চুক্তি অনুযায়ী, ইতালিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ব্যবহারের ক্ষেত্রে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এই প্রক্রিয়া অনুসরণ না করায় অনুরোধটি নাকচ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, দেশটির বামপন্থি বিরোধী দলগুলো সরকারকে সতর্ক করে বলেছে, ইতালির ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র যেন কোনো সংঘাতে জড়িয়ে না পড়ে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো অনুরোধ এলে তা অনুমোদনের আগে পার্লামেন্টের অনুমতি নেওয়া হবে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top