সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

ট্রাম্প ‘নিয়ন্ত্রণ হারাচ্ছেন’, ইরান ইস্যুতে বিস্ফোরক মন্তব্য তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ০৮:১২

ছবি: সংগৃহীত

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি মন্তব্য করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক অশালীন ভাষা ও ক্রমাগত হুমকি ইঙ্গিত দেয় যে তিনি মানসিকভাবে ‘নিয়ন্ত্রণ হারাচ্ছেন’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের বর্তমান রাজনৈতিক অবস্থান ও মানসিক অস্থিরতা নিয়ে এ বিশ্লেষণ তুলে ধরেন তিনি।

অধ্যাপক ইজাদির মতে, ট্রাম্প বর্তমানে তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। তিনি ধারণা করেছিলেন, মাত্র তিন দিনের মধ্যেই ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তন সম্ভব হবে। কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় তিনি চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন।

ইজাদি বলেন, এই ব্যর্থতার ফলেই ট্রাম্পের বক্তব্যে উগ্রতা ও কুরুচিপূর্ণ শব্দের বহিঃপ্রকাশ ঘটছে।

বর্তমান সংকটময় পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব আশা করছে, কোনো এক পর্যায়ে ট্রাম্প নিজেকে ‘বিজয়ী’ ঘোষণা করে পরিস্থিতির অবসান ঘটাতে পারেন। তবে রাজনৈতিক সমঝোতার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ট্রাম্পের মতো নেতার সঙ্গে এমন কোনো চুক্তি করা কঠিন, যা ইরানের জন্য লাভজনক হবে।

তিনি আরও উল্লেখ করেন, কোনো ইরানি রাজনীতিকের পক্ষে ট্রাম্পের হাতে দেশের নিয়ন্ত্রণ তুলে দেওয়া ‘রাজনৈতিক আত্মহত্যা’র শামিল, যা দেশটির জনগণ কখনোই মেনে নেবে না।

ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে ইরানের নীতিনির্ধারকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন বলেও জানান তিনি।

সূত্র: আল জাজিরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top