সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

‘ভাই’ সম্বোধনে ক্ষুব্ধ এসিল্যান্ড, বললেন— সাধারণ মানুষ ভাববে সবাই

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৪

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সদরের সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামকে ‘ভাই’ সম্বোধন করায় এক সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে জনসমক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ওই ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম চলছিল। এ সময় পরিদর্শনে যান এসিল্যান্ড আরিফুল ইসলাম। পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাংবাদিক জুয়েল রানা তাকে ‘ভাই’ সম্বোধন করে কথা শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই কর্মকর্তা।

সেখানে উপস্থিত লোকজনের সামনেই আরিফুল ইসলাম বলেন, ‘ভাই কেন বললেন? এতে সাধারণ মানুষ মনে করবে আমাদের মধ্যে স্বজনপ্রীতি আছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।’

ভুক্তভোগী সাংবাদিক জুয়েল রানা বলেন, তথ্য সংগ্রহের সময় ‘ভাই’ বলাতেই এসিল্যান্ড ক্ষিপ্ত হন এবং তাকে জনসমক্ষে বিব্রত করেন। তার দাবি, সরকারি কর্মকর্তাকে ‘স্যার’ বলার কোনো বাধ্যবাধকতা নেই।

ঘটনার বিষয়ে জানতে আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেও অসন্তোষ প্রকাশ করেন এবং প্রশ্নের জবাব না দিয়েই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top