শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

ট্রাম্পের দাবি,হরমুজ প্রণালি খুলে দেওয়ায় শি জিনপিং খুব ‘খুশি’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:২২

সংগৃহীত

হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সন্তোষ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথটি আবার সচল হওয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং খুবই খুশি।

ট্রাম্প লেখেন, “প্রেসিডেন্ট শি খুব খুশি, কারণ হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে বা খুব দ্রুত খুলে দেওয়া হচ্ছে।”

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি আমদানির জন্য হরমুজ প্রণালির ওপর চীনের ব্যাপক নির্ভরতা রয়েছে। দীর্ঘ সময় পর এই পথ খুলে যাওয়ার খবরে বেইজিং স্বস্তি প্রকাশ করেছে বলেও উল্লেখ করা হয়।

ট্রাম্প আরও জানান, আসন্ন চীন সফরে তার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক “বিশেষ ও সম্ভাব্য ঐতিহাসিক” হবে। তার মতে, এই বৈঠকের মাধ্যমে গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষ্য অর্জিত হতে পারে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—দুজনেই হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আরাঘচি জানান, ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির প্রেক্ষাপটে এই কৌশলগত জলপথ উন্মুক্ত করা হয়েছে।

অন্যদিকে ট্রাম্প দাবি করেন, ইরান ভবিষ্যতে আর কখনো হরমুজ প্রণালি বন্ধ করবে না—এ বিষয়ে সম্মত হয়েছে। তবে তিনি আরও উল্লেখ করেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top