দক্ষিণ লেবাননে ইউনিফিলে হামলায় ফরাসি শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫

সংগৃহীত

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল (United Nations Interim Force in Lebanon)-এর ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কাতার। এ হামলায় এক ফরাসি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, ইউনিফিল বাহিনীর ওপর যেকোনো ধরনের আগ্রাসন সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে কাতার। লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই শান্তিরক্ষা মিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বলে উল্লেখ করা হয়।

হামলার দায় নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইতোমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

কাতার এই হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে শান্তিরক্ষীদের ওপর এমন হামলা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। নিহত ফরাসি সৈন্য ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কাতার লেবাননের সার্বভৌমত্ব ও শান্তি রক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: আল জাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top