“ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না”:ইসমাইল বাগাই
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৩
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান নাকি তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে রাজি হয়েছে। তবে এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, এ ধরনের কোনো সম্ভাবনার ভিত্তি নেই। রাষ্ট্রীয় গণমাধ্যমে তিনি বলেন, “ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না।” তিনি আরও যোগ করেন, এই বিষয়টি ইরানের কাছে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের মতোই গুরুত্বপূর্ণ।
বাগাই জানান, ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি তেহরান কখনোই বিবেচনা করেনি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে আলোচনার প্রসঙ্গ থাকলেও তিনি সরাসরি সেই ধারণা নাকচ করেননি।
এর আগে ট্রাম্প দাবি করেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাতে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, যুক্তরাষ্ট্র নাকি ইরানের ইউরেনিয়াম মজুতের বিনিময়ে প্রায় ২ হাজার কোটি ডলারের একটি সম্ভাব্য চুক্তি নিয়েও ভাবছে।
এদিকে দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে বলে জানা গেছে। আলোচনার লক্ষ্য হলো দীর্ঘদিনের বিরোধ নিরসন এবং সম্ভাব্য একটি নতুন সমঝোতায় পৌঁছানো।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।