মেয়ের ন্যায় বিচারের লড়াই থেকে ভোটের ময়দানে রত্না দেবনাথ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১২:৩২
২০২৪ সালের ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ এক চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা ভারত। সেই ঘটনায় (কল্পিত নাম ‘অভয়া’) দীর্ঘদিন ন্যায়বিচারের আশায় লড়াই করে আসা তার মা রত্না দেবনাথ এবার সরাসরি রাজনীতির ময়দানে নেমেছেন।
উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। তার ভাষায়, “এটা শুধু আমার নয়, পানিহাটির মানুষেরও লড়াই। এই নির্বাচনে মানুষই জিতবে।”
প্রার্থী হওয়ার পর থেকেই সক্রিয়ভাবে জনসংযোগ করছেন রত্না দেবনাথ। বিশেষ করে স্থানীয় নারীদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা ও অধিকার নিয়ে সচেতনতা তৈরি করছেন। অনেক নারী তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ছেন এবং ‘অভয়া’র ঘটনার জন্য সমবেদনাও জানাচ্ছেন।
রাজনৈতিক মহলে আলোচনা চলছে, তাকে প্রার্থী করে বড় কৌশল নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অনেকেই মনে করছেন, এটি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস-এর বিরুদ্ধে বড় রাজনৈতিক বার্তা।
ঘটনার পর থেকেই ‘অভয়া’র পরিবার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-এর পদত্যাগও দাবি করেছিল। সেই আন্দোলন রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কৌশিক ঘোষ বলেন, “রত্না দেবনাথকে প্রার্থী করা বিজেপির জন্য বাড়তি সুবিধা হতে পারে, তবে এতে মুখ্যমন্ত্রী ভীত—এটা মনে করি না।”
নিজের প্রচারণায় রত্না দেবনাথ নারী নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের নানা সমস্যার কথা তুলে ধরছেন। তার অভিযোগ, বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ। তিনি বলেন, “আমি কিছু পাওয়ার জন্য আসিনি, মানুষের জন্য কাজ করতে চাই।”
এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রয়োজন হলে রত্না দেবনাথকে ভবানীপুর-এও প্রচারণায় নিয়ে যাওয়া হতে পারে, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই প্রার্থী।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আশা প্রকাশ করেছেন, পানিহাটির মানুষ ‘অভয়া’র ঘটনার প্রতিবাদে রত্না দেবনাথকে সমর্থন জানাবেন।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী বলেন, “তিনি রাজনীতিতে এসেছেন, এটি তার অধিকার। তবে সত্যের ভিত্তিতেই ভোটের লড়াই হওয়া উচিত।”
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল পানিহাটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ৪ মে ভোট গণনা হবে। এই কেন্দ্রে রত্না দেবনাথের প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ এবং বাম প্রার্থী কলতান দাশগুপ্ত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।