মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১২:৩৩
ইরানে সামরিক হামলায় সম্পৃক্ত মার্কিন যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদ্রিদে সাংবাদিকদের তিনি জানান, ইরান-সংক্রান্ত কোনো সামরিক অভিযানে স্পেন তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। এর আগেও সরকার স্পষ্ট করে বলেছিল, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না।
এই সিদ্ধান্তের ফলে ন্যাটো সদস্য দেশ হওয়া সত্ত্বেও স্পেনের আকাশসীমা ব্যবহার করতে না পেরে মধ্যপ্রাচ্যে গমনরত সামরিক বিমানগুলোকে বিকল্প পথ বেছে নিতে হচ্ছে। তবে জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে গণমাধ্যম।
স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো বলেন, এই সিদ্ধান্ত সরকারের পূর্বঘোষিত অবস্থানেরই অংশ। তাদের মতে, আন্তর্জাতিক আইনের বাইরে একতরফাভাবে শুরু হওয়া কোনো যুদ্ধে স্পেন অংশ নেবে না বা সহায়তা করবে না।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার তীব্র সমালোচনা করেছেন। তিনি এসব হামলাকে “বেপরোয়া” ও “অবৈধ” হিসেবে উল্লেখ করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।