রাশিয়ার বাল্টিক সাগর উপকূলের প্রিমোরস্ক বন্দর এবং মধ্যাঞ্চলের নিঝনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত নরসি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৫ এপ্রিল) রাশিয়ার কর্মকর্তারাও হামলার বিষয়টি জানিয়েছেন।
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো জানান, প্রিমোরস্ক বন্দরে একটি পাইপলাইনে ক্ষতি হয়েছে, যা দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। পরে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বন্দর এলাকায় একটি জ্বালানির ট্যাংকে শার্পনেলের আঘাতে ফাঁটল তৈরি হয়ে তেল ছড়িয়ে পড়ে।
অন্যদিকে নিঝনি নভগোরোদ অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিন জানান, রাশিয়ার চতুর্থ বৃহত্তম নরসি তেল শোধনাগারে আগুন লেগেছে। তিনি বলেন, হামলায় স্থাপনাটির দুটি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। তবে হামলার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।