পাকিস্তান প্রয়োজন হলে কলকাতাকে লক্ষ্যবস্তু করতে পারে:পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৩:১৩
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালানোর প্রস্তুতি নিতে পারে। তিনি সতর্ক করেছেন, যদি এমন অভিযান করা হয়, পাকিস্তান প্রয়োজন হলে কলকাতাকে লক্ষ্যবস্তু করতে পারে।
শনিবার (৫ এপ্রিল) শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি মন্তব্য করেন, ভারত তাদের ভূখণ্ডে প্রবেশ করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ভুয়ো অভিযোগ উত্থাপন করতে পারে। তিনি বলেন, “ভারত তাদের নাগরিক বা হেফাজতে থাকা পাকিস্তানি কয়েদিদের হত্যা করে জঙ্গি হামলার নাটক সাজাতে পারে,” তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।
খাজা আসিফ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘হতাশার প্রতিফলন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভারত ক্রমেই গুরুত্বহীন হয়ে পড়ছে এবং পাকিস্তানের আন্তর্জাতিক মর্যাদা মেনে নিতে পারছে না। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা ভারতকে অস্বস্তিতে ফেলেছে।
তিনি আরও সতর্ক করেন যে, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের পরিণতি হবে ভয়াবহ। ভারতকে তিনি তাদের অভ্যন্তরীণ অস্থিরতার দিকে মনোযোগ দিতে এবং কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে পরামর্শ দিয়েছেন। তবে যেকোনো হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তান দ্রুত, ভারসাম্যপূর্ণ ও চূড়ান্ত জবাব দেবে।
সূত্র: দ্য ডন, ইন্ডিয়া টুডে
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।