বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

চুক্তি না মানলে ইরানের ওপর আবারও হামলার চালাবে মার্কিন বাহিনী:ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৩:৩৭

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও বিমানগুলো ইরানের আশপাশে অবস্থান বজায় রাখবে এবং ওয়াশিংটনের সঙ্গে চুক্তি পুরোপুরি মানা না হলে যুক্তরাষ্ট্র আবারও ‘হামলা চালাতে’ পারে। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্টে ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্রের সব জাহাজ, বিমান এবং সামরিক সদস্য—অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রসহ—ইরানের ভেতরে ও আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না প্রকৃত চুক্তিটি পুরোপুরি বাস্তবায়ন হয়। যদি তা না হয়, তাহলে ফের হামলা চালানো হবে—আগের যেকোনো সময়ের চেয়ে ব্যাপক, আগ্রাসী এবং শক্তিশালীভাবে।”

এর আগে, বুধবার ইরান জানিয়েছে যে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা “অযৌক্তিক” হবে। ওই হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের অবস্থানেও দূরত্ব লক্ষ্য করা গেছে।

ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে সম্মত হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে। ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেছেন, “অনেক আগেই এ বিষয়ে একমত হওয়া গিয়েছিল এবং বিপরীতমুখী সব ভুয়া বক্তব্য সত্ত্বেও—কোনো পারমাণবিক অস্ত্র নয় এবং হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ থাকবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top