সত্যি ঘটনা অবলম্বনে লেখক রাহিতুল ইসলামের ‘বাদলের কারাবাস’ উপন্যাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৫

সংগৃহীত

স্বপ্ন ছিল সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল দেখার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বাংলাদেশি নাগরিক বাদল ফরাজী কপালে পেলেন দিল্লির কুখ্যাত তিহার জেলের অন্ধকার প্রকোষ্ঠ। শুধুমাত্র নামের মিলের কারণে খুনের দায়ে ১৮ বছরের শ্রেষ্ঠ সময় কারাগারে কাটাতে হয় তাকে।

বাদল ফরাজী ২০০৮ সালে নিছক ভ্রমণের উদ্দেশ্যে ভারতে গিয়ে গ্রেফতার হন। তিনি ছিলেন পুরোপুরি নিরপরাধ। ভুল বিচারের কারণে ভারতের নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। নানা ঘনঘটার পর দীর্ঘ এক দশকের বেশি সময় জেলে কাটানোর পরে ২০১৮ সালে বন্দি-বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফিরে আসেন। তবে সম্পূর্ণ মুক্তি আজও পাননি, এখনও কিছুটা সময় তিনি বাংলাদেশের জেলেই কাটাচ্ছেন। এই দীর্ঘ নির্যাতন ও সংগ্রামের কাহিনীই এবার উঠে এসেছে উপন্যাস ‘বাদলের কারাবাস’-এ।

উপন্যাসের লেখক রাহিতুল ইসলাম বলেন, “বাদল ফরাজীর জীবন কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। তার গ্রেফতার, ভুল বিচার, জেলখানায় অমানবিক নির্যাতন, জেল থেকে শিক্ষা ও সংগ্রামের গল্প, মানবাধিকার কর্মীদের প্রচেষ্টা এবং দেশে ফেরার পরও তার আইনি লড়াই—সবই এই বইয়ে স্থান পেয়েছে। এটি শুধু একজন বাদলের গল্প নয়, বিচারব্যবস্থার অসংগতির বিরুদ্ধে নীরব প্রতিবাদের এক প্রামাণ্য দলিল।”

‘বাদলের কারাবাস’ এখনই প্রি-অর্ডার করা যাচ্ছে প্রথমাডটকম, রকমারি ও অন্যান্য অনলাইন বুকশপে। প্রি-অর্ডার করার সুবিধার্থে পাঠকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। বইটির মূল্য ২৮০ টাকা, প্রকাশক প্রথমা প্রকাশন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top