আজ পহেলা বৈশাখ, স্বাগত বাংলা ১৪৩৩
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২৯
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’- এই প্রত্যয়ে নতুন সূর্যের আলোয় শুরু হলো বাংলা নতুন বছর ১৪৩৩। পুরোনো বছরের সব ব্যর্থতা ও ক্লান্তি পেছনে ফেলে নতুন স্বপ্ন ও সম্ভাবনার বার্তা নিয়ে আজ আনন্দে মেতেছে পুরো দেশ।
ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির এই সর্বজনীন উৎসব এখন পরিণত হয়েছে জাতীয় মিলনমেলায়। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাঙালিরা একই আনন্দে শামিল হয়ে উদযাপন করছে বাংলা নববর্ষ। পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষেরাও নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে।
সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর একটি স্বস্তিকর পরিবেশে এবার নববর্ষ উদযাপন করছে দেশবাসী। বিশ্বজুড়ে নানা অস্থিরতা থাকলেও, নববর্ষ বয়ে এনেছে শান্তি ও আশার বার্তা।
নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক বাণীতে তারা উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রপতি নববর্ষকে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে উল্লেখ করে সবাইকে দায়িত্বশীল ও সহনশীল হওয়ার আহ্বান জানান।
অন্যদিকে প্রধানমন্ত্রী নববর্ষকে জাতিসত্তার পরিচয় হিসেবে উল্লেখ করে সংকীর্ণতা পরিহার করে মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
ঐতিহাসিকভাবে মুঘল সম্রাট আকবরের আমলে প্রবর্তিত ফসলি সন থেকেই বাংলা সনের যাত্রা শুরু। সময়ের পরিক্রমায় এটি এখন বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। গ্রামীণ মেলা, হালখাতা ও চৈত্রসংক্রান্তির সীমা পেরিয়ে নববর্ষ এখন শহর ও গ্রামের সবার প্রাণের উৎসব।
রাজধানী ঢাকাসহ সারা দেশ আজ বর্ণিল সাজে সজ্জিত। ভোর হতেই রমনার বটমূলে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লাল-সাদা পোশাকে সেজে ওঠা মানুষে মানুষে ভরে উঠেছে নগরীর পথঘাট।
এছাড়া বাংলা একাডেমি প্রাঙ্গণ, শেরেবাংলা নগরসহ বিভিন্ন স্থানে চলছে বৈশাখী মেলা ও ক্ষুদ্র শিল্প প্রদর্শনী। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও চলছে উৎসব— নেত্রকোনা থেকে চট্টগ্রাম পর্যন্ত সর্বত্রই বইছে নববর্ষের আনন্দধারা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।