নববর্ষে ঐক্য ও সম্প্রীতির আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৯:৩৭

সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীর প্রতি ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক বাণীতে তিনি বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে দেশ ও বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের সর্বজনীন উৎসব, যা অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সম্প্রীতির উজ্জ্বল প্রতীক। ধর্ম, বর্ণ ও জাতিগত বিভেদ ভুলে পহেলা বৈশাখ সকলের জন্য আনন্দ ও মিলনের বার্তা নিয়ে আসে। এ উৎসব বাঙালির গৌরবময় ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক।

তিনি আরও বলেন, নববর্ষের আগমনে মানুষের মনে জাগে নতুন আশা ও সম্ভাবনার স্বপ্ন। অতীতের ব্যর্থতা ও গ্লানি পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এ উৎসব।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। সরকার ইতোমধ্যে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। কৃষিনির্ভর দেশের প্রেক্ষাপটে পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগকে তিনি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন, যা কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, সবাইকে আরও সংযমী, ধৈর্যশীল ও দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সততার মাধ্যমে সব বাধা অতিক্রম করে একটি উন্নত ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

সবশেষে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন, নতুন বছরে সব অশুভ শক্তি দূর হয়ে সত্য ও সুন্দরের জয় হবে। তিনি দেশবাসীকে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন জোরদার করে একটি অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top