ভোটের টানে হল ছাড়ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা
ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের শেষ সময়ে প্রার্থীরা ব্যস্ত সময় পার করলেও ভোটের আমেজ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তরুণ ভোটারদের মাঝে। এবার মোট তরুণ ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি। তাদের অনেকেই এবারই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। ফলে তরুণদের মাঝে বিরাজ করছে বাড়তি উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ।
এই ভোটের আমেজে অংশ নিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও হল ছেড়ে নিজ নিজ বাড়ির পথে রওনা হচ্ছেন। সরকার ঘোষিত টানা পাঁচ দিনের ছুটির সুযোগে তারা ফিরছেন ভোটাধিকার প্রয়োগের জন্য।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি এবং ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই টানা ছুটির ফলে ইতোমধ্যে ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কমে গেছে। বন্ধ হয়ে গেছে হলের ডাইনিং। অল্পসংখ্যক শিক্ষার্থী ছাড়া অধিকাংশ হল ফাঁকা হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকা হল মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠ, হলপাড়া, মুক্তমঞ্চ ও শহীদ মিনার এলাকায় এখন বিরাজ করছে শুনশান নীরবতা।
শিক্ষার্থীরা জানান, এবারের ছুটি শুধু বিশ্রামের জন্য নয়, বরং ভোট দেওয়ার এক ভিন্ন রকম আমেজ নিয়ে তারা হল ছাড়ছেন।
ঢাকা কলেজের সাউদার্ন হলের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আহাদ, যিনি ঠাকুরগাঁও যাচ্ছেন, বলেন—
“এই প্রথম আমি ভোট দিতে যাচ্ছি। এর আগেও ভোট দেওয়ার সুযোগ ছিল, কিন্তু শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পাতানো নির্বাচনের কারণে ভোট দিতে পারিনি। এবার একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোট দেওয়ার জন্যই আজ বাড়ি যাচ্ছি। আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে।”
ইন্টারন্যাশনাল হলের আবাসিক শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ইমি আরাফাত বলেন—
“আমি মূলত ভোট দেওয়ার জন্যই বাড়ি যাচ্ছি। জুলাই আন্দোলনে অংশ নিয়েছি এবং গণভোটের কারণে যাচ্ছি। আমি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে।”
সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তরুণ ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণের প্রস্তুতিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে এখন ছুটির নীরবতা, আর বাড়ির পথে ভোটের উত্তেজনা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।