ইবিতে রমজানকে স্বাগত জানিয়ে ‘বরকতের বারিধারা’ সাংস্কৃতিক অনুষ্ঠান

মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৩৮

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বরকতের বারিধারা’ শীর্ষক এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট। সুস্থ সংস্কৃতি ও রমজানের পবিত্রতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এর আগে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়।

অনুষ্ঠানে হামদ, নাত এবং রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ইসলামী নাশিদ পরিবেশন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানের পরিচালক আবু সুফিয়ান বলেন, “পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে আমাদের এই আয়োজন ‘বরকতের বারিধারা’। আমরা চাই রমজানের এই সুধা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সকল ধরনের পাপাচার ও অশ্লীলতা থেকে দূরে থেকে মানুষ যেন কুরআনের আলোয় জীবন গড়ে তোলে এবং ক্যাম্পাসে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটে এটাই আমাদের প্রত্যাশা।”

উল্লেখ্য, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি সৃজনশীল ইসলামী সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ইসলামী সংস্কৃতি লালন ও বিকাশে নানামুখী সাংস্কৃতিক আয়োজন করে আসছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top