ভাষা শহীদদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল
মোসাদ্দেক হোসেন | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১০
মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগকারী ভাষা শহীদদের স্মরণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব আশরাফ উদ্দীন খান।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের আগে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সকলের প্রতি শহীদদের আত্মার মাগফিরাত কামনার আহ্বান জানান। তিনি বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলা আমাদের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর মাধ্যমে আমরা যেমন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি, তেমনি বিশ্বদরবারে আমাদের পরিচয়ও প্রতিষ্ঠিত হয়েছে।”
এসময় তিনি আরও বলেন, “যেকোনো রক্তের বিনিময়েই চূড়ান্ত বিজয় আসে। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছিল। একইভাবে চব্বিশের বিজয়ও এসেছে শহীদদের রক্তের বিনিময়ে। শহীদদের এই আত্মত্যাগের মাধ্যমেই জাতি সফলতা অর্জন করে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।